![]() |
মুস্তাফিজের সঙ্গে একটা ছবি নিজের ফ্যান পেজে পোস্ট করে সৌম্য লিখেছেন, ‘তোমাকে শুভকামনা। আশা করি শিগগির ফিরে আসবে তুমি।’ দুজনই এসেছেন সাতক্ষীরা থেকে। একে অপরকে ডাকেন ‘দেশি’ বলে। সৌম্যকে ‘দেশি’ সম্বোধন করেই নিজের অফিশিয়াল পেজে ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ, ‘সমর্থন করার জন্য দেশি তোমাকে ধন্যবাদ।’ সৌম্য জানালেন, গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলার সময় হোটেলে সোনারগাঁয়ে তুলেছিলেন সেলফিটা।
মুস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন জাতীয় দলে তাঁর আরেক সতীর্থ তাসকিন আহমেদ। ‘দ্য ফিজে’র সঙ্গে একটি আড্ডার মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার লিখেছেন, ‘আশা করি মুস্তাফিজ দ্রুতই ফিরে আসবে ইনশা আল্লাহ।’ ছবিতে দেখা যাচ্ছে, বিসিবি একাডেমি মাঠে অনুশীলন চলার সময় তাসকিনের সঙ্গে কী এক রসিকতায় মেতে উঠেছেন মুস্তাফিজ।
মুস্তাফিজ দ্রুত সেরে উঠবে এমন প্রত্যাশা সাব্বির রহমানেরও। গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশ দলের এই ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ লিখেছেন, ‘দ্রুত সেরে উঠতে মুস্তাফিজের প্রতি শুভ কামনা। তুমি লাখো মানুষের প্রেরণা।’
সাব্বির-তাসকিন-সৌম্যর মতো নিশ্চয়ই সবার একই প্রত্যাশা—দ্রুত সেরে উঠবেন মুস্তাফিজ।

0 comments: